গাজায় যা করেছি, পশ্চিম তীরেও তা করতে হবে: ইসরাইলি মন্ত্রী
- আপডেট সময় ১০:৩৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / 34
অধিকৃত পশ্চিম তীরে ‘পূর্ণাঙ্গ যুদ্ধ’ শুরু করার আহ্বান জানিয়েছেন ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। গাজায় ইসরাইল যে ধরনের সামরিক অভিযান চালিয়েছে, পশ্চিম তীরেও একই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ডানপন্থি রিলিজিয়াস জিওনিজম পার্টির এই নেতা।
আগামী মাসে ইসরাইলের সাধারণ নির্বাচন সামনে রেখে দেওয়া এক সাক্ষাৎকারে স্মোটরিচ এসব কথা বলেন। একই সঙ্গে পশ্চিম তীরের কিছু এলাকায় সীমিত স্বায়ত্তশাসন পরিচালনাকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) বিলুপ্ত করার দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি।
স্মোটরিচের বক্তব্য এমন সময়ে এসেছে, যখন অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং ফিলিস্তিনিদের চলাচলের ওপর বিধিনিষেধ নিয়ে উত্তেজনা বাড়ছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ইহুদিদের ধর্মীয় উৎসব সুক্কোত উপলক্ষে পশ্চিম তীরে প্রবেশের বিভিন্ন পথ ‘সম্পূর্ণভাবে বন্ধ’ করার নির্দেশ দেয় ইসরাইলি কর্তৃপক্ষ।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরের রামাল্লা শহর ও আশপাশের এলাকায় ইসরাইলি বাহিনী চলাচলে আরও কড়াকড়ি আরোপ করেছে। কয়েকটি শহর ও গ্রামের সড়ক এবং প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।
রামাল্লার উত্তরে তুরমুস আয়্যার প্রবেশপথও বন্ধ করা হয়। স্থানীয় বাসিন্দাদের হয়রানি করা হয়েছে বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ওয়াফা।
এ ছাড়া আবুদ, নবী সালেহ, আতারা ও তাইবেহ এলাকার প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। ইয়াবরুদ ও আইন সিনইয়া এলাকার প্রবেশপথে সামরিক চেকপোস্টও স্থাপন করা হয়েছে।
স্মোটরিচ পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণ এবং ওই ভূখণ্ডে ইসরাইলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অন্যতম সমর্থক হিসেবে পরিচিত।
নির্বাচনের আগে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে স্মোটরিচ বলেন, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক জোটগুলোর সঙ্গে ঐক্য সরকার গঠনের জন্য তিনি নিজের রাজনৈতিক অংশীদারদের ছেড়ে যাবেন না।
তিনি বলেন, তার রাজনৈতিক শিবির ইহুদি পরিচয়, জায়নবাদ, ভূমির প্রতি ভালোবাসা, বসতি স্থাপন ও নিরাপত্তানীতির মতো বিষয়গুলোতে ঐকমত্যে বিশ্বাস করে।

























