‘জেল ভরো আন্দোলনের’ ডাক ককরোচ জনতা পার্টির
- আপডেট সময় ০৬:২২:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / 35
মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পাওয়ার পর ‘জেল ভরো আন্দোলন’ বা গণ-গ্রেফতার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে এই কর্মসূচি শুরুর কথা জানিয়েছে দলটি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) কর্মসূচির ঘোষণা দেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শিবাজী পার্কে সমাবেশের অনুমতি না দেওয়ার পর নতুন এই কর্মসূচির ঘোষণা এলো।
মুম্বাই পুলিশ জানিয়েছে, শিবাজী পার্ক মূলত খেলাধুলার জন্য নির্ধারিত স্থান। সেখানে রাজনৈতিক সমাবেশ হলে শব্দদূষণের পাশাপাশি আশপাশের বড় হাসপাতালগুলোতে যাতায়াতকারী রোগীদের সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে।
এসব কারণে সেখানে রাজনৈতিক জমায়েতের অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন অভিজিৎ দীপকে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, সাধারণ মানুষের কণ্ঠস্বর রোধ করার এ ধরনের কৌশল কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এরপর থেকেই প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে আসছে সিজেপি।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সেই দাবির ধারাবাহিকতায় আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে ‘জেল ভরো আন্দোলন’ শুরু করা হবে।
সূত্র: এনডিটিভি।

























