জগতের মঙ্গল কামনায় খাগড়াছড়িতে মধু পূর্ণিমা উদযাপন
- আপডেট সময় ১২:৫৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / 27
জগতের হিতসুখ তথা মঙ্গল ও শান্তি কামনায় খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মধু পূর্ণিমা পালন করা হচ্ছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
মধু পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ির বিভিন্ন বিহারে সকাল থেকেই প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়। দেশ ও জাতির মঙ্গল এবং বিশ্ব শান্তির প্রত্যাশায় বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারীরা বিহারে সমবেত হয়ে প্রার্থনায় অংশ নেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে মধু পূর্ণিমা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় তিথি। ভিক্ষুসংঘের ত্রৈমাসিক বর্ষাব্রতের দ্বিতীয় পূর্ণিমা তিথিকে মধু পূর্ণিমা হিসেবে পালন করা হয়।
দিনটি উপলক্ষে পঞ্চশীল গ্রহণের পর বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান এবং বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদানসহ বিভিন্ন দানানুষ্ঠানের আয়োজন করেন ধর্মাবলম্বীরা। পাশাপাশি বৌদ্ধ বিহারগুলোতে প্রার্থনা ও অন্যান্য ধর্মীয় আচার পালন করা হয়।
বৌদ্ধ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভগবান গৌতম বুদ্ধের সময়ে পারল্য বনে বর্ষাবাসকালে একটি বানর একটি মৌচাক থেকে মধু সংগ্রহ করে বুদ্ধকে দান করেছিল। সেই ঘটনাকে স্মরণ করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই পূর্ণিমাকে ‘মধু পূর্ণিমা’ হিসেবে পালন করে আসছেন।
গুরুত্ব ও ধর্মীয় তাৎপর্যের কারণে দিনটি প্রতিবছর বৌদ্ধ ধর্মাবলম্বীরা শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করেন।

























