সহিংসতাকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা প্রতিমন্ত্রী নুরের
- আপডেট সময় ০৫:৪৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 27
বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরকারীদের ধরিয়ে দিলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জনপ্রতি ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে নুরুল হক নুর বলেন, ফ্যাসিস্ট শক্তিকে কাজে লাগিয়ে বিদেশি অপশক্তি দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করলে, রাজপথে সক্রিয় থাকলে এবং আওয়াজ তুললে তাদের এই আস্ফালন বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
ডিসেম্বরে আওয়ামী লীগ ফিরবে, এমন বক্তব্যকে হাস্যকর ও বিভ্রান্তিকর আখ্যা দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, পলাতক শেখ হাসিনা বিভিন্ন সময়ে কথা বলছেন, কিন্তু সেটি এআই নাকি বাস্তব, তা তাদের জানা নেই। তিনি বেঁচে আছেন, নাকি মারা গেছেন, সে বিষয়েও তাদের কাছে তথ্য নেই বলে জানান নুরুল হক নুর।
বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অহেতুক সরকারের বিরুদ্ধাচরণ না করাই ভালো। সংসদে তারা যেভাবে ইতিবাচক ভূমিকা রাখেন, রাজপথেও একইভাবে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
স্থানীয় নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণ প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, তাঁরা শুনছেন, তলে তলে স্থানীয় নির্বাচনে জামায়াত ও এনসিপি আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে না। এটি সত্য হলে খাল কেটে কুমির আনা হবে বলে মন্তব্য করেন তিনি।























