এমপি মাহবুবার বিরুদ্ধে অভিযোগ পেলে খতিয়ে দেখবে ইসি
- আপডেট সময় ০৮:৫৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 25
বাংলাদেশ খেলাফত মজলিসের সংরক্ষিত সংসদ সদস্য মাহবুবা হাকিমের হলফনামায় শিক্ষাগত যোগ্যতার তথ্য নিয়ে কোনো অভিযোগ পেলে বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখবে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, মাহবুবা হাকিমের বিষয়ে কেউ অভিযোগ করলে কমিশন তা দেখবে।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় মাহবুবা হাকিম তাঁর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে ‘এমএলএম, ব্যারিস্টার এট ল’ উল্লেখ করেছেন। তবে বিভিন্ন প্রকাশিত তথ্যে তাঁর শিক্ষাগত যোগ্যতা হিসেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করার কথা উল্লেখ রয়েছে।
এ বিষয়ে মাহবুবা হাকিম বলেন, আইন বিষয়ে তাঁর কোনো উচ্চতর ডিগ্রি নেই। তিনি বুটেক্স থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন এবং সেই সনদই হলফনামার সঙ্গে জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, তিনি বিজ্ঞানের শিক্ষার্থী এবং আইন বিষয়ে তাঁর কোনো সনদ নেই।
হলফনামায় শিক্ষাগত যোগ্যতার তথ্য এবং জমা দেওয়া সনদের মধ্যে গড়মিলের বিষয়ে মাহবুবা হাকিম বলেন, তাঁর মনোনয়নপত্র তোলা, পূরণ ও জমা দেওয়ার পুরো প্রক্রিয়াই দল করেছে। তিনি শুধু পূরণ করা ফর্মে স্বাক্ষর করেছেন।
এর আগে মাহবুবা হাকিম ও বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে হলফনামার তথ্যকে অনাকাঙ্ক্ষিত যান্ত্রিক বা তথ্যগত ভুল হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল। তাদের দাবি, হলফনামার সঙ্গে তাঁর প্রকৃত শিক্ষাগত যোগ্যতার সনদ সংযুক্ত ছিল।
মাহবুবা হাকিমের বক্তব্যের বিষয়টি নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদের নজরে আনা হলে তিনি বলেন, কেউ অভিযোগ করলে আইন অনুযায়ী বিষয়টি দেখা হবে। এর আগে এ বিষয়ে কিছু বলা যাবে না।
তিনি বলেন, কেউ মিথ্যা তথ্য দিলে আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে মাহবুবা হাকিম আদৌ মিথ্যা তথ্য দিয়েছেন কি না, তা যাচাই করতে হবে। আর সে জন্যই অভিযোগ প্রয়োজন।
ইসি কমিশনার জানান, অভিযোগ পেলে কমিশন শুনানি করবে, মাহবুবা হাকিমের বক্তব্য জানতে চাইবে এবং এরপর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

























