মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রভাব পড়েছে হরমুজ প্রণালিতে
- আপডেট সময় ১১:২৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 27
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার প্রভাব পড়েছে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে। সাম্প্রতিক সময়ে এই পথে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) প্রকাশিত নৌ-পরিবহন তথ্যের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহান্তে মাত্র ১২টি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে। এর আগের সপ্তাহান্তে এ সংখ্যা ছিল ৩৫টি।
বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। সংঘাত শুরুর আগে প্রতিদিন গড়ে প্রায় ১২৫টি বড় বাণিজ্যিক জাহাজ এই পথে চলাচল করত। এসবের মধ্যে তেল ও গ্যাসবাহী ট্যাংকার, বাল্ক ক্যারিয়ার ও কনটেইনার জাহাজ ছিল।
কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার চারটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করে। এর মধ্যে দুটি পরিশোধিত তেলবাহী ট্যাংকার এবং দুটি খালি জাহাজ। একই দিনে দুটি ছোট তেলবাহী ট্যাংকার উপসাগরীয় এলাকায় প্রবেশ করে।
শনিবার কৃষিপণ্য, এলপিজি ও সারবাহী পাঁচটি জাহাজ উপসাগর থেকে বেরিয়ে যায়। একই সময়ে একটি খালি বড় গ্যাসবাহী জাহাজ উপসাগরে প্রবেশ করে।
তবে জাহাজ চলাচল কমে গেলেও মধ্যপ্রাচ্যের উৎপাদকরা তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করেননি। সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, কিছু ট্যাংকার ট্রান্সপন্ডার বন্ধ রেখেও পণ্য পরিবহন চালিয়ে যাচ্ছে।
২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালিতে প্রতিদিন গড়ে প্রায় ১২৫টি বড় বাণিজ্যিক জাহাজ চলাচল করত। বর্তমান পরিস্থিতিতে সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।






















