রাঙামাটির কাপ্তাই নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থী
- আপডেট সময় ০৫:২২:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 24
রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে নেমে স্রোতের টানে তলিয়ে গেছেন সাজিদ শাহারিয়ার সানম (২৪) নামে এক পর্যটক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। তিনি নাছির উদ্দীনের ছেলে।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে কাপ্তাইয়ের সীতার ঘাটের পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদী ও ঢাকা থেকে নয়জনের একটি পর্যটক দল সকাল ১০টার দিকে কাপ্তাইয়ে পৌঁছায়। পরে স্থানীয় গাইডের সঙ্গে তারা সীতার পাহাড়ে ট্র্যাকিংয়ে যায়।
পাহাড়ে ঘোরাঘুরি শেষে দুপুরের দিকে দলটি সীতার ঘাটের পাথরঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে হাত-মুখ ধুতে নামে। এ সময় হঠাৎ স্রোতের টানে একজন গভীর পানিতে তলিয়ে যান।
সানমের বন্ধু সাইফুল ইসলাম জানান, তারা নয়জন মিলে সকালে সীতার পাহাড়ে উঠেছিলেন। পাহাড় ভ্রমণ শেষে নদীর ঘাটে হাত-মুখ ধোয়ার সময় মুহূর্তের মধ্যে সানম পানিতে তলিয়ে যান। তাকে উদ্ধারে তারা চেষ্টা করেও সফল হননি।
খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে নদীতে তল্লাশি চালানো হচ্ছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. সরোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পর সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে আসেন। এখনো সানমের কোনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

























