অপ্রতিম হত্যায় চারজন গ্রেপ্তার, সম্পৃক্ততার কথা স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় ০২:৩৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 6
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার নিহত হওয়ার খবর পাওয়া যায় এবং মরদেহ উদ্ধার করা হয়। এরপর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১২ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে অপ্রতিম হত্যাকাণ্ডে মোট চারজন গ্রেপ্তার হয়েছে। তাদের কাছ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। মামলার অন্যান্য আইনগত কার্যক্রমও চলমান রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বয়স যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন কিশোর। দুজনের বয়স ১৮ বছরের বেশি হলেও আরেকজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। তাদের জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আচরণ ও কর্মকাণ্ড অনেকটা কিশোর অপরাধী চক্রের মতো। নিহত অপ্রতিমের সঙ্গে তাদের পরিচয় ও বন্ধুত্ব ছিল এবং নিয়মিত তাদের একসঙ্গে চলাফেরা ও আড্ডা দেওয়ার তথ্য পাওয়া গেছে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তাদের অনেকেই অপ্রতিমের চেয়ে পাঁচ থেকে ১০ বছর বয়সে বড়।
তিনি আরও জানান, অপ্রতিমের আইফোনটিও উদ্ধার করা হয়েছে। প্রধান সন্দেহভাজন আসামি তুহিনের কাছ থেকে ফোনটি পাওয়া গেছে বলে জানান তিনি। মামলার প্রয়োজনীয় অন্যান্য আলামতও উদ্ধার করা হয়েছে এবং সেগুলোর ফরেনসিক বিশ্লেষণ চলছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার কথা স্বীকার করেছে। এখন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। এর অংশ হিসেবে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার বিষয়েও কাজ চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ দ্রুত তদন্ত এগিয়ে নিচ্ছে। এরই মধ্যে অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং তার দাফনও করা হয়েছে।
অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, পুলিশ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত অভিযোগপত্র দেবে। এরপর বিচার বিভাগ মামলাটি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত বিচার সম্পন্ন করার উদ্যোগ নেবে। রামিসা হত্যাকাণ্ডের মতো অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারও স্বল্প সময়ে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
























