নতুন ফোন আনছে অ্যাপল
- আপডেট সময় ০৩:৫৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 16
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় অ্যাপল পার্কে বুধবার (৯ সেপ্টেম্বর) নতুন পণ্য ও প্রযুক্তি উন্মোচন করবে অ্যাপল। ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ নামের অনুষ্ঠানটি বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়ার কথা। এতে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের পাশাপাশি অ্যাপলের প্রথম ভাঁজ করা আইফোনের ঘোষণা আসতে পারে। নতুন অ্যাপল ওয়াচ, এয়ারপডস এবং স্মার্ট হোমের কয়েকটি পণ্যও উন্মোচনের সম্ভাবনা রয়েছে।
এবারের অনুষ্ঠানটি অ্যাপলের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন টার্নাস দায়িত্ব নেওয়ার পর এটিই তার নেতৃত্বে প্রথম বড় পণ্য উন্মোচন অনুষ্ঠান।
অনুষ্ঠানের মূল আকর্ষণ হতে পারে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স। অ্যাপল নতুন মডেলগুলোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফোন দুটিতে ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এ২০ প্রো চিপ ব্যবহার করা হতে পারে।
নতুন চিপ ব্যবহারের ফলে ফোনের কর্মক্ষমতার পাশাপাশি তাপ নিয়ন্ত্রণ ও ব্যাটারি ব্যবস্থাপনায়ও উন্নতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ক্যামেরাতেও পরিবর্তনের গুঞ্জন রয়েছে। আইফোন ১৮ প্রো ম্যাক্সে পরিবর্তনশীল অ্যাপারচারযুক্ত ক্যামেরা যুক্ত হতে পারে। এই প্রযুক্তির মাধ্যমে ক্যামেরায় প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়। ফলে বিভিন্ন আলোক পরিস্থিতিতে ছবি তোলার ক্ষেত্রে উন্নত ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।
নতুন আইফোনের নকশায় বড় ধরনের পরিবর্তন না এলেও ক্যামেরা মডিউল কিছুটা বড় হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে আইফোন ১৮ সিরিজের সম্ভাব্য দাম নিয়েও প্রযুক্তি বিশ্বে আলোচনা চলছে। স্মার্টফোন তৈরির বিভিন্ন উপকরণের দাম, বিশেষ করে র্যামের মূল্য বাড়ার কারণে নতুন আইফোনের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন পূর্বাভাস অনুযায়ী, আইফোন ১৮ প্রোর দাম ১ হাজার ১৯৯ ডলার থেকে শুরু হতে পারে।
তবে এবারের অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক হতে পারে অ্যাপলের প্রথম ভাঁজ করা আইফোন। বিভিন্ন প্রতিবেদনে ডিভাইসটির সম্ভাব্য নাম হিসেবে ‘আইফোন আলট্রা’র কথা বলা হচ্ছে।
গুঞ্জন অনুযায়ী, ফোনটি বইয়ের মতো ভাঁজ করা যাবে। খোলা অবস্থায় এতে ৭ দশমিক ৮ ইঞ্চির ভেতরের পর্দা থাকতে পারে। ভাঁজ করা অবস্থায় ব্যবহারের জন্য বাইরের দিকে প্রায় ৫ দশমিক ৩ ইঞ্চির আরেকটি পর্দা থাকার কথা শোনা যাচ্ছে।
ফোনটিতে এ২০ প্রো চিপের পাশাপাশি ১২ গিগাবাইট মেমোরি থাকতে পারে বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। ক্যামেরার ক্ষেত্রে পেছনে দুটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। তবে টেলিফটো ক্যামেরা না থাকার সম্ভাবনাই বেশি।
নিরাপত্তার জন্য ভাঁজ করা আইফোনটিতে ফেস আইডির পরিবর্তে টাচ আইডি ব্যবহারের সম্ভাবনার কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ডিভাইসটির দাম ২ হাজার ৫০০ ডলার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আইফোনের পাশাপাশি নতুন অ্যাপল ওয়াচও উন্মোচন করতে পারে অ্যাপল। অ্যাপল ওয়াচ সিরিজ ১২-এ বড় ধরনের নকশাগত পরিবর্তনের বদলে স্বাস্থ্যসুবিধা ও বিভিন্ন সেন্সরে উন্নতি আনার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, অ্যাপল ওয়াচ আলট্রা ৪-এর নকশায় পরিবর্তন আসতে পারে।
অনুষ্ঠানে এয়ারপডস ৫-এরও ঘোষণা আসতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এয়ারপডসে হৃৎস্পন্দন পরিমাপের সুবিধা যুক্ত হতে পারে।
অনুষ্ঠানে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাবেন আমন্ত্রিত অতিথিরা। তবে বিশ্বজুড়ে অ্যাপলপ্রেমীদের জন্য অনুষ্ঠানটি অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে অ্যাপল। অ্যাপলের ওয়েবসাইটের পাশাপাশি তাদের ইউটিউব চ্যানেল ও অ্যাপল টিভি অ্যাপের মাধ্যমেও অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
























