ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে বললেন ট্রাম্প
- আপডেট সময় ১২:১৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 15
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সামরিক সংঘাত দ্রুত শেষ করা হবে, নাকি ধীরে ধীরে এর অবসান ঘটতে দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে এখনো তেল পরিবহণ অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে খুব দ্রুতই যুদ্ধ শেষ করতে পারে। তবে সংঘাতের অবসান দ্রুত ঘটানো হবে, নাকি ধীরে ধীরে পরিস্থিতি নিস্তেজ হতে দেওয়া হবে, সেটিই এখন প্রশ্ন।
ট্রাম্পের ভাষায়, ‘আমরা খুব দ্রুতই যুদ্ধ শেষ করতে পারি। প্রশ্ন হলো, আমরা কি এটি শেষ করতে চাই, নাকি ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেতে দিতে চাই?’
হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ওই পথ দিয়ে এখনো তেল পরিবহণ অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা যা চাই, তার সবই পাচ্ছি।’
এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে বিশ্ববাজারে তেলের দাম বাড়াতে ইরান সর্বাত্মক চেষ্টা করছে বলে অভিযোগ করেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
এ ছাড়া ইরান হামলা এবং সমুদ্রের মাইন নিয়ে ‘মিথ্যা’ খবর ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কী ধরনের প্রমাণ দিয়েছেন, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: সামা টিভি



















