যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না: ট্রাম্প
- আপডেট সময় ০১:১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 14
ভারত ও পাকিস্তানের মধ্যে ২০২৫ সালের সশস্ত্র সংঘাত থামাতে ভূমিকা রাখার দাবি আবারও করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ বন্ধে উদ্যোগ নেওয়ার পরও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে শুক্রবার (২৩ অক্টোবর) ফ্লোরিডায় এক নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প।
সমাবেশে ট্রাম্প দাবি করেন, ২০২৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বড় আকার ধারণ করার আগেই তিনি হস্তক্ষেপ করেছিলেন। দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে বাণিজ্যকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন বলেও জানান তিনি।
ট্রাম্পের ভাষ্য, দুই দেশকে সংঘাত থেকে বিরত রাখতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছিলেন। একই সঙ্গে ভারত ও পাকিস্তানের ওপর সর্বোচ্চ ২৫০ শতাংশ শুল্ক আরোপের কথা বলেছিলেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
সমাবেশে তিনি বলেন, ‘আপনি ভারত ও পাকিস্তানকে থামিয়েছেন। দুটি পারমাণবিক শক্তিধর দেশ, আপনি তাদের থামিয়েছেন। এ ক্ষেত্রে আমি বাণিজ্যকে কাজে লাগিয়েছি। আমি বলেছিলাম, তোমরা যদি এমনটা করো, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে পারবে না এবং বিপুল অর্থ উপার্জনও করতে পারবে না। আমি তোমাদের উভয়ের ওপর ২৫০ শতাংশ শুল্ক আরোপ করব, যাতে তোমরা কোনো ব্যবসাই করতে না পারো।’
ট্রাম্প আরও বলেন, তাঁর এই অবস্থানে ভারত ও পাকিস্তান অসন্তুষ্ট হয়েছিল। তবে পরে দুই দেশ গুলি চালানো বন্ধ করে দেয় এবং যুদ্ধের অবসান ঘটে বলে দাবি করেন তিনি।
নিজের কথিত কূটনৈতিক সাফল্যের প্রসঙ্গ টেনে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার বিষয়েও হতাশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমি কি নোবেল পুরস্কার পেয়েছি? না।’
২০২৫ সালে পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘাত দেখা দেয়। ওই সংঘাত বন্ধে ভূমিকা রাখার দাবি ট্রাম্প একাধিকবার করেছেন। তবে সংঘাত নিরসনে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপের বিষয়টি ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে ভারত সরকার।
সূত্র: ইন্ডিয়া টুডে



















