নিজ বাড়ি থেকে বলজিৎ সিংয়ের লাশ উদ্ধার
- আপডেট সময় ১২:৩৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / 15
ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় নিজ বাড়ি থেকে জনপ্রিয় সংগীতশিল্পী ও গীতিকার বলজিৎ সিংয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩৫ বছর বয়সি এই গায়কের মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। বাড়ি থেকে কয়েক দিন ধরে দুর্গন্ধ1 বের হওয়ার পর প্রতিবেশীদের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পাঞ্জাবের লুধিয়ানার সুদহারপট্টি ধালিওয়াল গ্রামের নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় বলজিৎ সিংকে। পুলিশ গিয়ে একটি বিছানার ওপর তার লাশ পড়ে থাকতে দেখে। মরদেহে পচন ধরেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, লাশ উদ্ধারের চার থেকে পাঁচ দিন আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।
স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে বলজিৎ সিংয়ের বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ আসছিল। পরে দুর্গন্ধ আরও বেড়ে গেলে তারা পুলিশকে বিষয়টি জানান। এরপর পুলিশ স্থানীয়দের সহায়তায় বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করে লাশ উদ্ধার করে।
মরদেহের কাছাকাছি শুকনো রক্তের দাগও পাওয়া গেছে। তবে ওই রক্তের উৎস কী এবং মৃত্যুর সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
বলজিৎ সিংয়ের মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা ওই এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তির চলাচল ছিল কি না এবং মৃত্যুর আগে বাড়িতে কেউ এসেছিল কি না, তা জানার চেষ্টা করছেন।
এদিকে বলজিৎ সিংয়ের বোন জানিয়েছেন, এর আগে তার ভাইয়ের হার্ট অ্যাটাক হয়েছিল। তার ধারণা, আবারও হার্ট অ্যাটাক হয়ে তিনি পড়ে গিয়ে আঘাত পেতে পারেন এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
তবে এটি পরিবারের পক্ষের একটি ধারণা; এখনো তা নিশ্চিত হয়নি। ময়নাতদন্ত ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গায়কের মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয় বলে জানানো হয়েছে।























