হরমুজ প্রণালিতে মার্কিন হামলায় জাহাজ অচল
- আপডেট সময় ১০:১৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / 30
হরমুজ প্রণালিতে একটি পানামার পতাকাবাহী কার্গো জাহাজে হামলা চালিয়ে সেটিকে অচল করে দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, জাহাজটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ওমান উপসাগর থেকে ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করছিল। এ কারণে জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে তুলনামূলক শান্ত পরিস্থিতিতে এ ঘটনা ঘটল। গত জুলাইয়ে ১৩ দিনের উত্তেজনার পর থেকে হামলা মূলত বন্ধ রয়েছে।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম তদারককারী সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার পানামার পতাকাবাহী ‘ভেলা নোভা’ নামের কার্গো জাহাজটিতে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
সেন্টকমের বিবৃতি অনুযায়ী, জাহাজটি ওমান উপসাগর অতিক্রম করে ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছিল। যুক্তরাষ্ট্রের দাবি, এভাবে জাহাজটি ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের চেষ্টা করছিল।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হামলাটি জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে চালানো হয়। এর ফলে জাহাজটি অচল হয়ে পড়ে। সেন্টকমের দাবি, জাহাজটির নাবিকেরা মার্কিন বাহিনীর দেওয়া একাধিক সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন।
হামলায় কোনো নাবিক আহত হয়েছেন কি না, সে বিষয়ে সেন্টকম কোনো তথ্য দেয়নি। মঙ্গলবার দেওয়া সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বন্দরগুলোতে অবরোধ চলাকালে মার্কিন বাহিনী ৫৫টি বাণিজ্যিক জাহাজ অচল করেছে এবং দুটি জাহাজ জব্দ করেছে।
সাম্প্রতিক সময়ে সংঘাত আবার শুরু হওয়ায় যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ পুনরায় কার্যকর করেছে। একই সময়ে ইরানও হরমুজ প্রণালিতে আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছিল। ওই সমঝোতার অংশ হিসেবে নৌ অবরোধ এবং হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণসংক্রান্ত দুটি শর্তই তুলে নেওয়া হয়েছিল।
সমঝোতা স্মারকটির মূল উদ্দেশ্য ছিল দীর্ঘস্থায়ী শান্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু করা এবং ইরান ও দেশটির পারমাণবিক কর্মসূচির ওপর আরোপিত নিষেধাজ্ঞার ভবিষ্যৎ নির্ধারণ করা। তবে পরবর্তী সময়ে সেই সমঝোতাও ভেঙে পড়ে।
এদিকে, মধ্যপ্রাচ্যের আরেকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ বাব এল-মান্দেব প্রণালিতে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের জাহাজে হামলার ঘটনায় সর্বশেষ দফার সংঘাত আরও জটিল হয়ে উঠেছে।

























