দেশ পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় ০৩:৩০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 31
পরিচ্ছন্ন ও আবর্জনামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীর প্রতি সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সবার সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে।
সোমবার (৩ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ভিডিও বার্তায় তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সম্পর্কিত। গত কয়েক দশকের তুলনায় বর্তমানে ঢাকা শহরসহ জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের সড়ক, বাজার এবং জনসমাগমস্থলে প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট, ব্যবহৃত টিস্যুসহ বিভিন্ন ধরনের আবর্জনা যত্রতত্র ফেলে রাখার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সঠিকভাবে বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। তিনি উল্লেখ করেন, দেশের অধিকাংশ মানুষ হেঁটে বা গণপরিবহনে চলাচল করেন। বিভিন্ন স্থানে আবর্জনা জমে থাকলে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয় এবং দুর্গন্ধের কারণে পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়। সবাই ব্যবহৃত বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেললে এবং তা সঠিকভাবে অপসারণ করা হলে পরিবেশ পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।
নিজের বাসস্থানের উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কেউই নিজের ঘর বা বাড়ির চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আবর্জনা দেখতে চান না। সেই একই দৃষ্টিভঙ্গি জনপরিসরের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। দেশের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অনেক পুকুর ও জলাশয়ের ভেতরে কিংবা আশপাশে বর্জ্যের স্তূপ দেখা গেছে। অথচ একসময় এসব স্থান মানুষ অবসর কাটানো ও সামাজিক মেলামেশার জন্য ব্যবহার করত। এ ধরনের পরিবেশ রক্ষায় সবার সচেতনতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, কোনো স্থান পরিষ্কার করার পর তা পরিচ্ছন্ন রাখতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। একজন ব্যক্তি যদি একটি স্থান পরিষ্কার রেখে যান, তাহলে পরবর্তীতে অন্যরাও সেই পরিচ্ছন্ন পরিবেশ উপভোগ করতে পারবেন।
সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকে যদি আজ থেকেই নিজের ব্যবহৃত আবর্জনা নির্ধারিত স্থানে ফেলেন, তাহলে ধীরে ধীরে দেশকে আবর্জনামুক্ত করা সম্ভব হবে এবং একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে উঠবে।
দেশ গঠনে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশ সবার। সবাই একসঙ্গে চেষ্টা করলে বড় পরিবর্তন আনা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেন।



















