বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দল
- আপডেট সময় ০৭:৪৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / 0
আগামী সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ২৫টি শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রায় ৪৫ জন শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ সফরে আসছেন। তারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বিনিয়োগের সম্ভাবনা পর্যালোচনা করবেন। প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীরও বৈঠক হওয়ার কথা রয়েছে।
শনিবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে আসা প্রতিনিধি দলে প্রায় ২৫টি শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ৪৫ জন শীর্ষ নির্বাহী থাকবেন। সফরকালে তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গেও তাদের বৈঠক অনুষ্ঠিত হবে।
মাহদী আমিন জানান, বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈঠকগুলোতে বিনিয়োগ সম্প্রসারণ, বাণিজ্য বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের নীতিগত সহায়তা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি দুই দেশের রপ্তানি-আমদানি বাড়ানোর বিষয়েও মতবিনিময় হবে।
এর আগে শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
সেই বৈঠকের প্রসঙ্গ তুলে মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছে। একই সঙ্গে দেশে স্থিতিশীলতা ফিরে আসা এবং সরকারের গত কয়েক মাসের বিভিন্ন নীতিগত উদ্যোগের প্রশংসা করেছে বলেও তিনি উল্লেখ করেন।
তার ভাষ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সম্পর্ককে আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বে রূপ দেওয়ার বিষয়ে উভয় পক্ষ গুরুত্ব দিয়েছে। এর মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মাহদী আমিন আরও বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে পাশে থাকবে বলে সরকার প্রত্যাশা করছে। দুই দেশের সহযোগিতাকে আরও বিস্তৃত করার মধ্য দিয়ে অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।




















