রাষ্ট্রপতির দায়িত্ব আমি গ্রহণ করেছি: স্পিকার
- আপডেট সময় ০৬:২২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 28
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সংসদ ভবনের শপথকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে স্পিকার নিজেই এ তথ্য জানান।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি তার পদ থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, স্পিকারের শপথ গ্রহণের সময় তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের বিষয়েও শপথ নিয়েছিলেন। কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সাংবিধানিক সুযোগ রয়েছে।
ব্রিফিংয়ে স্পিকার জানান, শারীরিক অসুস্থতার কারণেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন।
এর আগে ২০২৩ সালের ২৪ এপ্রিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৭৫ বছর বয়সী মো. সাহাবুদ্দিন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল।
গত কয়েকদিন ধরে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে নানা আলোচনা চললেও সরকারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এর মধ্যে চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের দুই দিন আগে দেশে ফেরেন।




















