কুমিল্লায় ঘুমন্ত নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার
- আপডেট সময় ১২:২১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / 28
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় এক ভারসাম্যহীন ভাসমান নারীকে ধর্ষণের অভিযোগে ল্যাংরা খোকন ওরফে জুয়ারি খোকন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় পার্শ্ববর্তী বরুড়া উপজেলার ঝলম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী দীর্ঘদিন ধরে বিজয়পুর বাজার এলাকায় ঘোরাফেরা করতেন এবং বিভিন্ন দোকানের সামনে বা ফুটপাতে রাতযাপন করতেন। ঘটনার রাতে তিনি একটি কনফেকশনারি দোকানের সামনে ঘুমিয়ে ছিলেন। এ সময় তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশের একাধিক দল।
স্থানীয় কয়েকজনের দাবি, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে নানা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে শিকারপুর এলাকা থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করেছে পুলিশ। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। সন্ধ্যায় বরুড়া উপজেলার ঝলম এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।


























