কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
- আপডেট সময় ০৩:০২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 20
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে যোগ দিতে তুরস্ক সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান। সম্মেলনে পরিচ্ছন্ন জ্বালানি, জলবায়ু অর্থায়ন এবং দুর্যোগ মোকাবিলার মাধ্যমে মানুষের জীবন ও স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষাকে বাংলাদেশের তিনটি প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরবেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের তুরস্ক সফরের বিষয়টি নিশ্চিত করেন খলিলুর রহমান। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় এই সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেবেন বলে জানান তিনি।
ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, কপ-৩১ সম্মেলনে তিনি তিনটি সুনির্দিষ্ট অগ্রাধিকার নিয়ে অংশ নিচ্ছেন। এর প্রথমটি হলো প্যারিস জলবায়ু চুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন নিশ্চিত করা। এ লক্ষ্য অর্জনে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সার্বিক বিদ্যুতায়ন এবং ক্ষতিকর গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর উদ্যোগ ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দেবেন তিনি।
দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে জলবায়ু অর্থায়নের বিষয়টি তুলে ধরেন খলিলুর রহমান। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, দীর্ঘমেয়াদি সহনশীলতা বৃদ্ধি এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে সময়মতো ও নিয়মিত অর্থায়ন নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা সম্মেলনে তুলে ধরবেন তিনি।
মানবসম্পদ এবং উপকূলীয় ও স্থানীয় জনবসতি সুরক্ষাকে তৃতীয় অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, মানুষের জীবন রক্ষা করাই তাঁদের শেষ অগ্রাধিকার। এ জন্য আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলা, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার এবং স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষায় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।





















