ডিজিটাল অপরাধ মোকাবিলায় পুলিশকে আধুনিকায়নের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় ১২:৫৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / 28
অপরাধের ধরন পরিবর্তিত হলেও সেই অনুযায়ী পুলিশকে এখনো আধুনিকায়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধ প্রতিরোধ ও তদন্তে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়লেও পুলিশের সক্ষমতা সেভাবে আধুনিকায়িত হয়নি। এ কারণে থানা ও উপজেলা পর্যায়ে আধুনিক সাইবার সিকিউরিটি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ক্রাইম রিপোর্টারদের পেশাগত ঝুঁকির প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করাই ক্রাইম রিপোর্টারদের কাজ। যারা এ ধরনের ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করছেন, তাদের ঝুঁকি ভাতা দেওয়ার বিষয়টি নিয়ে কাজ করা যেতে পারে।
প্রচলিত আইন সংশোধনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, অনেক ক্ষেত্রে প্রচলিত আইনে অপরাধীদের গ্রেপ্তার করা হলেও পরে তারা জামিনে বেরিয়ে আসেন। তাই অপরাধের ধরন ও সময়ের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় আইন সংশোধন করা দরকার।
যুবসমাজের বিভিন্ন অপরাধের পেছনে জুয়া ও মাদকের সম্পৃক্ততার কথাও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অনেক অপরাধের সঙ্গেই জুয়া ও মাদকের যোগসূত্র রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এসব বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
অপরাধ নিয়ন্ত্রণে শুধু ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়া যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, আগে গবেষণার মাধ্যমে অপরাধের কারণ চিহ্নিত করতে হবে। এরপর অপরাধের মূল কারণ দূর করার উদ্যোগ নিলে অপরাধ কমিয়ে আনা সম্ভব হবে। এ নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।






















