ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান হলেন আশিক চৌধুরী
- আপডেট সময় ১১:২২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / 35
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। যোগদানের তারিখ থেকে এক বছর এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে শুক্রবার (২১ আগস্ট) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৩-এর ৮(৫) ধারা অনুযায়ী চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে এক বছর।
নিয়োগের শর্ত হিসেবে তাকে অন্য কোনো পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকা যাবে না। একই সঙ্গে কোনো সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক থাকলে সেটিও পরিত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আশিক চৌধুরীর নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ নিয়োগসংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।





















