ডর্টমুন্ডকে হারিয়ে শিরোপা বায়ার্নের
- আপডেট সময় ০৪:৩৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / 16
মৌসুমের প্রথম শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। শনিবার (২২ আগস্ট) রাতে সিগনাল ইদুনা পার্কে স্বাগতিক বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার সুপারকাপের শিরোপা ধরে রেখেছে ভিনসেন্ট কোম্পানির দল।
প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। বিরতির পর ডর্টমুন্ড ঘুরে দাঁড়িয়ে এক গোল পরিশোধ করলেও শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি। এই জয়ে প্রতিযোগিতাটিতে বায়ার্নের শিরোপা সংখ্যা দাঁড়াল ১২টি।
ম্যাচের ২৮ মিনিটে ডর্টমুন্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে বায়ার্নকে এগিয়ে দেন নাথানিয়েল ব্রাউন। মাইকেল অলিসের পাস থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তিনি।
বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন অলিসে। যোগ করা সময়ের প্রথম মিনিটে ডর্টমুন্ডের রক্ষণে চাপ তৈরি করে বল আদায় করে নেন বায়ার্নের খেলোয়াড়রা। এরপর দুই ডিফেন্ডারকে কাটিয়ে দূরের পোস্টে বল পাঠিয়ে ২-০ করেন ফরাসি ফরোয়ার্ড। প্রথমার্ধে বায়ার্নের আধিপত্য ছিল স্পষ্ট; বিরতিতে তারা ৬৯ শতাংশ বল দখলে রেখে ডর্টমুন্ডের ১টির বিপরীতে ১১টি শট নেয়।
বিরতির পর অবশ্য ম্যাচে ফেরার চেষ্টা করে ডর্টমুন্ড। ৭৫ মিনিটে ফ্যাবিও সিলভা গোল করে ব্যবধান ২-১ করেন। এরপর সমতা ফেরাতে স্বাগতিকরা একের পর এক আক্রমণ চালালেও বায়ার্নের রক্ষণভাগ তা সামলে নেয়।
শেষদিকে ডর্টমুন্ডের ঘুরে দাঁড়ানোর সুযোগ আরও কঠিন হয়ে যায়। ৯০ মিনিটে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন রামি বেনসেবাইনি। এরপরও সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ডর্টমুন্ড। তবে যোগ করা সময়ে আলেকজান্ডার বেইয়ারের সুযোগ কাজে লাগেনি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।
ম্যাচে বায়ার্নের জয়ের অন্যতম নায়ক ছিলেন মাইকেল অলিসে। একটি গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তা করেন তিনি। ম্যাচসেরার স্বীকৃতিও পান এই ফরাসি তারকা।
বায়ার্নের নতুন খেলোয়াড় নাথানিয়েল ব্রাউনের জন্যও ম্যাচটি ছিল বিশেষ। প্রতিযোগিতামূলক ফুটবলে বায়ার্নের হয়ে প্রথম ম্যাচেই গোল করেন তিনি। ৮১ মিনিটে ব্রাউনের বদলি হিসেবে মাঠে নামেন মরক্কোর ইসমাইল সাইবারি। বায়ার্নের হয়ে এটিই ছিল প্রতিযোগিতামূলক ফুটবলে তার অভিষেক।
ফ্রাঞ্জ বেকেনবাওয়ার সুপারকাপ জয়ের মধ্য দিয়ে ২০২৬-২৭ মৌসুমের শুরুতেই ট্রফি ঘরে তুলল বায়ার্ন। আগামী শুক্রবার বুন্দেসলিগার প্রথম ম্যাচে স্টুটগার্টের মুখোমুখি হবে দলটি।
























