জাতীয় দলের ব্যাটিং কোচের পদ হারালেন আশরাফুল
- আপডেট সময় ০১:৩৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 26
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ আশরাফুলকে এ পদ থেকে সরিয়ে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে।
শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোচিং প্যানেলে এই পরিবর্তনের কথা জানায় বিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে রদবদল করা হয়েছে।
আশরাফুলকে বোর্ডের অধীনে অন্য একটি পদে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। ২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়া আশরাফুলের অবদানের জন্য তাকে ধন্যবাদও জানিয়েছে বোর্ড।
এর আগে শনিবার বিকেলে বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফীস আশরাফুলকে দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত জানান। বিষয়টি দ্য ডেইলি স্টার-কে নিশ্চিত করে আশরাফুল বলেন, তাকে ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
তবে ওই দিন সকালেও মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে দলের অনুশীলনে ব্যাটারদের নিয়ে কাজ করতে দেখা যায় সাবেক এই অধিনায়ককে। ২৮ অক্টোবর শুরু হতে যাওয়া প্রথম টেস্ট সামনে রেখে অনুষ্ঠিত ঐচ্ছিক অনুশীলন সেশনে তিনি উপস্থিত ছিলেন।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রব্বানী জানিয়েছেন, আশরাফুল আর জাতীয় দলের কোচিং সেটআপে থাকছেন না।
সাম্প্রতিক ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিংয়ের হতাশাজনক পারফরম্যান্সকে এই পরিবর্তনের সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। টেস্টে তুলনামূলক ভালো করলেও সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটিং নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যায় রয়েছে দল।
নতুন স্থায়ী ব্যাটিং কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত সালাউদ্দিন অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন। বিসিবি সূত্রের বরাতে জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হওয়ার পর স্থায়ী কোচ নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। সেখানে বিদেশি কোচ নিয়োগের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

























