ঠাকুরগাঁওয়ে নির্বাচন নিয়ে উদ্বেগের কারণ নেই: ইসি সচিব
- আপডেট সময় ০৪:২১:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 18
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ভোটারদের নিরাপদে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এ নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
বুধবার (২৮ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইসি সচিব।
তিনি জানান, উপনির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা যাতে কোনো বাধা ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে কমিশন।
আখতার আহমেদ বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠপর্যায়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি পুরো নির্বাচনি এলাকায় ভোটগ্রহণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
নিরাপত্তার দায়িত্বে থাকা মাঠপর্যায়ের সদস্যদের বডিওন ক্যামেরাও দেওয়া হয়েছে বলে জানান তিনি। এসব ব্যবস্থার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটগ্রহণের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
নির্বাচনি পরিবেশ নিয়ে ভোটারদের সংশয় বা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে ইসি সচিব বলেন, ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো অবকাশ নেই বলে জানান তিনি।





















