বাংলাদেশের সঙ্গে খেলতে ব্রাজিলের একগুচ্ছ শর্ত
- আপডেট সময় ০৪:৪৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / 22
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ দেখিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৬ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে জামাল ভূঁইয়াদের বিপক্ষে মাঠে নামতে আগ্রহী সেলেসাওরা। তবে ম্যাচ আয়োজনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) একাধিক শর্ত দিয়েছে ব্রাজিল।
দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের প্রস্তাব অনুযায়ী কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর পুরো দলকে ঢাকা নিয়ে আসার বিমানভাড়া বহন করতে হবে বাংলাদেশকে।
শুধু বাংলাদেশে আসার বিমান খরচ নয়, ঢাকায় অবস্থানকালীন ব্রাজিল দলের থাকা-খাওয়া ও যাতায়াতের ব্যয়ও বহন করতে হবে বাফুফেকে। এর মধ্যে জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের খরচ অন্তর্ভুক্ত থাকবে।
এ ছাড়া ঢাকা থেকে ব্রাজিল ফিরে যাওয়ার সময়ও পুরো দলের বিমানভাড়ার একটি অংশ বহনের শর্ত দিয়েছে ব্রাজিল। প্রাথমিকভাবে জানা গেছে, বাংলাদেশ থেকে দুবাই পর্যন্ত তাদের যাত্রার ব্যয় বাংলাদেশকেই বহন করতে হবে।
তবে ব্রাজিলকে ম্যাচ ফি বা বাণিজ্যিক কোনো অর্থ দিতে হবে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি। ফলে সম্ভাব্য ম্যাচ আয়োজনের জন্য মোট ব্যয় কত হতে পারে, সেটিও এখনো চূড়ান্ত হয়নি।
এর আগে ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে ব্রাজিলের একটি প্রতিনিধি দল। বাংলাদেশ ও ব্রাজিলের সম্ভাব্য ম্যাচ আয়োজনের প্রস্তুতি ও বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে।
























