আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তনের আভাস আইসিসির
- আপডেট সময় ০২:২২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / 68
বিশ্ব ক্রিকেটের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৩০ মে আহমেদাবাদে অনুষ্ঠেয় আইসিসির সভায় টেস্টে গোলাপি বলের ব্যবহার, ম্যাচ চলাকালীন বোলারের অ্যাকশন যাচাই এবং ওয়ানডেতে মাঠে কোচের প্রবেশের সুযোগ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো উত্থাপন করা হবে। আসন্ন এই সভায় প্রস্তাবগুলো চূড়ান্ত অনুমোদন পেলে আগামী পহেলা অক্টোবর থেকে তা বিশ্ব ক্রিকেটে কার্যকর হতে পারে।
গত বৃহস্পতিবার (২১ মে ২০২৬) আইসিসির নির্বাহী কমিটির একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গাঙ্গুলীর উপস্থিতিতে ওই সভায় প্লেয়িং কন্ডিশন বা ম্যাচ পরিচালনার নিয়মে এই সম্ভাব্য পরিবর্তনের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, টেস্ট ম্যাচ চলাকালীন খারাপ আবহাওয়া কিংবা আলোক স্বল্পতার কারণে খেলা যাতে ব্যাহত না হয়, সেজন্য দুই দলের সম্মতিতে লাল বলের পরিবর্তে গোলাপি বল দিয়ে খেলা চালিয়ে যাওয়ার সুপারিশ করা হয়েছে। ম্যাচ চলাকালীন মাঠের আম্পায়াররা যাতে বোলারদের বোলিং অ্যাকশনে কোনো ত্রুটি রয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেন, সেজন্য ‘হক আই’ প্রযুক্তির ডেটা ব্যবহারের সুযোগ দেওয়ার কথা ভাবছে আইসিসি।
এছাড়া সীমিত ওভারের ক্রিকেটেও বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। ওয়ানডে ম্যাচ চলাকালীন পানি পানের বিরতিতে একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের পাশাপাশি এখন থেকে প্রধান কোচও মাঠে প্রবেশ করতে পারবেন। তবে মাঠে প্রবেশের সময় খেলোয়াড়দের মতো প্রধান কোচকেও দলের নির্ধারিত জার্সি পরিধান করতে হবে। বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে পানি পানের বিরতিতে প্রধান কোচের মাঠে প্রবেশের অনুমতি থাকলেও ওয়ানডেতে এই নিয়মটি নতুন করে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। এর পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে দুই ইনিংসের মধ্যবর্তী বিরতির সময় ২০ মিনিট থেকে কমিয়ে ১৫ মিনিট করার প্রস্তাবও আইসিসির পরিকল্পনায় রয়েছে।

























