জাইকার সঙ্গে সহযোগিতা চান প্রধানমন্ত্রী
- আপডেট সময় ০৬:০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 19
বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি এবং জনগণের জীবনমান উন্নয়নে জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের উন্নয়ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি এই সহযোগিতা এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) জাপান সফরকালে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতিতে জাপানের ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং সাধারণ মানুষের জীবনমান আরও উন্নত করতে জাপানের সঙ্গে বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার ওপরও গুরুত্ব দেন তারেক রহমান। তাঁর মতে, দুই দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকলে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ও জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেইসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























