জামায়াত দেশকে অশান্ত করার চেষ্টা করছে: রাশেদ খাঁন
- আপডেট সময় ০৬:০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 27
আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপনে আঁতাত করে জামায়াতে ইসলামী দেশকে অশান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
রাশেদ খাঁন বলেন, বিদ্যুৎ ও গ্যাস-সংকট জাতীয় সমস্যা। এসব সংকট সমাধানে সরকারের পাশাপাশি বিরোধী দলেরও গঠনমূলক ভূমিকা প্রয়োজন। কিন্তু সংকটের অজুহাতে লং মার্চ কর্মসূচি দেওয়া হচ্ছে। এতে সমস্যার সমাধান হবে না।
তিনি আরও অভিযোগ করেন, ভারতের সঙ্গে আঁতাত করে জামায়াত আগামী ডিসেম্বরে আওয়ামী লীগকে দেশে ফেরানোর চেষ্টা করছে। জামায়াতের একের পর এক লং মার্চ কর্মসূচি দেশকে অশান্ত করার অপচেষ্টার অংশ বলেও দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, দিল্লি থেকে বারবার অনুরোধ করা হলেও পলাতক শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ভারত সফর করবেন না।
তিনি জনগণকে সতর্ক থাকার এবং জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।
এ সময় রাশেদ খাঁন ঝিনাইদহসহ দেশের বিভিন্ন হাসপাতালে জনবল-সংকট নিরসন ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন। পরে তিনি স্থানীয় শিশু-কিশোরদের মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা দেন।

























