আ.লীগের সঙ্গে গুপ্ত দলের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী
- আপডেট সময় ০১:৪২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / 20
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত দল’ যৌথভাবে চক্রান্ত এবং অপপ্রচারে লিপ্ত বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর দাবি, আওয়ামী লীগের সঙ্গে ওই দলের সম্পর্কের প্রমাণ রয়েছে এবং দুই পক্ষের কথাবার্তা ও আচরণে মিল দেখা যায়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, আওয়ামী লীগ আগে থেকেই অপপ্রচার চালাত। এখন তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে। দুই পক্ষের মধ্যে এক ধরনের সম্পর্ক রয়েছে বলে প্রমাণ আছে। তাঁর ভাষ্য, ওই দলটি নিজেরাই বলেছিল, আওয়ামী লীগকে মাফ করে দেবে। পরাজিত শক্তি ও দলটির আচরণ একই রকম বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপিকে ঘিরে অতীতে নানা অপপ্রচার চালানো হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, একসময় বিএনপিকে জঙ্গি রাজনৈতিক দল হিসেবে প্রচার করা হতো। পাশাপাশি বিএনপি ক্ষমতায় থাকলে অন্য ধর্মের মানুষেরা নিরাপদ থাকবেন না বলেও প্রচার চালানো হয়েছিল। তবে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রমাণ করেছে, সরকার সতর্ক থাকলে ষড়যন্ত্রকারীরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে না। বিএনপির নেতাকর্মীরা দিনরাত কাজ করে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করেছেন বলে দাবি করেন তিনি।
রিজভীর ভাষ্য, গত ১৭ থেকে ১৮ বছরের মধ্যে এবার সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। প্রতিবেশী দেশ থেকে আসা দর্শনার্থীরাও পূজার সুষ্ঠু পরিবেশের প্রশংসা করেছেন বলে জানান তিনি।
ডেঙ্গু পরিস্থিতি ও সরকারের পদক্ষেপ নিয়ে বিএনপির এই নেতা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার ও বিএনপির পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। খ্যাতনামা চিকিৎসকদের পরামর্শে তৈরি সচেতনতামূলক লিফলেট সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। তাঁর মতে, লিফলেটটি অনেকটা ব্যবস্থাপত্রের মতো কাজ করবে।
রিজভী জানান, ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিরা যাতে বিনামূল্যে চিকিৎসা পান, সে জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত স্যালাইনের সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে।
সরকারের অর্থনৈতিক অর্জন তুলে ধরে রিজভী বলেন, সরকার প্রতিশ্রুতি দিলে তা নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করে। অর্থনীতিবিদদের বরাত দিয়ে তিনি দাবি করেন, সরকার গঠিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের মাধ্যমে চলতি বছরেই দেশের দারিদ্র্যের হার আরও ৫ শতাংশ কমবে। এটিকে তারেক রহমানের সরকারের বড় অর্জন বলে উল্লেখ করেন তিনি।
লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক বাবুল, স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান এবং ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

























