পদত্যাগ না করলে নাহিদের নৈতিক ভিত্তি থাকবে না: রাশেদ খাঁন
- আপডেট সময় ১১:২২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 26
ত্রয়োদশ জাতীয় সংসদ ও ক্ষমতাসীন সরকার নিয়ে নাহিদ ইসলামের মন্তব্যের সমালোচনা করে তাঁকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, সংসদ থেকে পদত্যাগ না করলে নাহিদ ইসলামের বক্তব্যের পর তাঁর নৈতিক ভিত্তি থাকবে না।
শনিবার (২৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি লেখেন, “শেখ হাসিনার মতো তারেক রহমানও অবৈধভাবে ক্ষমতায় রয়েছে বলে মন্তব্য করেছে জামায়াতের প্রক্সি সংগঠনের সভাপতি নাহিদ ইসলাম। যে জাতীয় সংসদে সরকারি দল হিসেবে বিএনপি অবৈধ হয়, সেই সংসদে বিরোধীদলের চিফ হুইপ হিসেবে নাহিদ ইসলাম কিভাবে বৈধ হন?”
নাহিদ ইসলামকে পদত্যাগের পরামর্শ দিয়ে রাশেদ খাঁন আরও লেখেন, “শেখ হাসিনার সাথে তুলনা করে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অবৈধ বলার আগে নাহিদ ইসলামের উচিত ছিলো জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা। তবুও যেহুতু পদত্যাগ করার আগে বিএনপি সরকারকে অবৈধ বলে তিনি বক্তব্য দিয়ে ফেলেছেন, সুতরাং এই বক্তব্যের পরে নাহিদ ইসলাম পদত্যাগ না করলে তার কোনো নৈতিক ভিত্তি থাকবে না।”
পোস্টের শেষাংশে রাশেদ খাঁন আশা প্রকাশ করেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করে নৈতিকতার প্রমাণ দেবেন। একই সঙ্গে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনভিত্তি প্রমাণের আহ্বান জানান তিনি।
























