সরকারের নাম ব্যবহার করে অপকর্ম করলে কাউকে ছাড় নয়: মাহদী আমিন
- আপডেট সময় ১১:১৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 29
সরকারের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয় রয়েছে। অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মিরপুরের রাড্ডা ক্লিনিক এবং গত রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, সরকারের নাম ব্যবহার করে কেউ কোনো ধরনের অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর রয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে মাহদী আমিন বলেন, সফরটি ফলপ্রসূ হয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্ভাবনা ও বিভিন্ন অগ্রাধিকারের বিষয় তুলে ধরেছেন।
তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী কৃষি, প্রযুক্তি, নারী ও তরুণসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিষয় তুলে ধরেছেন। একই সঙ্গে স্বনির্ভর ও আত্মনির্ভরশীল জাতি গঠনের প্রত্যয় জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র সফরে বোয়িংয়ের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ কেনার চুক্তির বিষয়ে মাহদী আমিন বলেন, কোনো চাপের কারণে এই চুক্তি করা হয়নি। দুই দেশের পারস্পরিক স্বার্থ বিবেচনা করেই চুক্তিটি হয়েছে। প্রধানমন্ত্রীর পুরো সফরে দেশের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
এর আগে রোববার সকাল সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে ভাষণ দেন। সফরে তিনি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, জাতিসংঘের একাধিক কর্মসূচি এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামের অনুষ্ঠান ছিল।
সফর শেষে শনিবার স্থানীয় সময় রাতে নিউইয়র্ক থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পরে দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে রোববার ভোরে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা।

























