আজই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
- আপডেট সময় ০৪:৩৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 48
বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে এলএনজিবাহী জাহাজ থেকে গ্যাস খালাসে সাময়িক বিঘ্ন ঘটলেও শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনের মধ্যেই দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার দুপুরে যশোর সার্কিট হাউসে যশোর জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, সাগরে বৈরী আবহাওয়ার কারণে এলএনজিবাহী জাহাজ ভিড়তে এবং গ্যাস খালাস করতে কিছুটা বিঘ্ন ঘটে। এর সাময়িক প্রভাবে জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমে যায়।
তবে শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিট থেকে এলএনজি খালাসের কার্যক্রম আবার শুরু হয়েছে বলে জানান তিনি। ফলে দিনের মধ্যেই দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
এদিকে যশোরবাসীর জন্য পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালুর কথাও জানিয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই যশোরে পূর্ণাঙ্গ সিসিইউ চালু করা হবে।
গুরুতর হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য যাতে অন্য জেলায় যেতে না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানান তিনি।
যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাটি অনুষ্ঠিত হয়। সভায় যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি, যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াতসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























