মেটাকে ঢাকায় অফিস খোলার আহ্বান শামা ওবায়েদের
- আপডেট সময় ১০:১০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 28
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান ও মার্কিন প্রযুক্তি কোম্পানি মেটাকে বাংলাদেশে একটি কার্যালয় স্থাপনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের ফাঁকে মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেডের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক হয়। প্রধানমন্ত্রী মনোনীত ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সময়ের সীমাবদ্ধতার কারণে প্রধানমন্ত্রী বৈঠকটিতে অংশ নিতে পারেননি। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান।
বৈঠকে বাংলাদেশের সঙ্গে মেটার সম্পর্ক এবং দেশের ডিজিটাল প্ল্যাটফর্মকে ঘিরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মেটার বড় ব্যবহারকারী গোষ্ঠীর প্রসঙ্গ তুলে ধরে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ই-কমার্স খাতের বিকাশে কোম্পানিটির প্ল্যাটফর্ম ও প্রযুক্তির সম্ভাব্য ভূমিকা নিয়েও আলোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বিশেষ করে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং ডিজিটাল বাণিজ্যের সম্প্রসারণে মেটার প্রযুক্তি ও প্ল্যাটফর্ম কীভাবে সহায়ক হতে পারে, বৈঠকে সেই বিষয়গুলো গুরুত্ব পায়।
এ সময় বাংলাদেশে মেটার একটি কার্যালয় স্থাপনের আহ্বান জানান শামা ওবায়েদ ইসলাম। পাশাপাশি অনলাইনে অপব্যবহার ও ডিজিটাল হয়রানি প্রতিরোধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।
বৈঠকে বাংলাদেশে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়েও আলোচনা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।






















