চীনা নৌবাহিনীর তিন জাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রামে
- আপডেট সময় ১১:৪৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 26
পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিনটি জাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ ও ‘থাই হু’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাহাজ তিনটি বন্দরে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার চীনা নৌসদস্যদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে।
চীনা জাহাজগুলোকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কর্মকর্তারা, চীনা নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশের জলসীমায় প্রবেশের সময় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের অভ্যর্থনা জানায়।
সফরকালে চীনা জাহাজগুলোর অধিনায়ক, চীনের মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট ও চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ ছাড়া চীনা নৌসদস্যরা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ, ঘাঁটি এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন। একইভাবে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও চীনা জাহাজ পরিদর্শনের সুযোগ পাবেন।
এই সফরের মাধ্যমে দুই দেশের নৌসদস্যদের মধ্যে পেশাগত অভিজ্ঞতা ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি ভবিষ্যতে প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
শুভেচ্ছা সফর শেষে জাহাজ তিনটি আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।






















