নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে বিপুল জনসমাগম; প্রধান অতিথি তারেক রহমান
- আপডেট সময় ০৪:০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / 8
মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশের জন্য প্রস্তুত রাজধানীর নয়াপল্টন। দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মী ও বিভিন্ন শিল্প-কারখানার শ্রমিকরা।
জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ দেড় যুগ লন্ডনে নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর, এটিই তারেক রহমানের প্রথম শ্রমিক সমাবেশে অংশগ্রহণ।
সমাবেশের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও সব আয়োজন সম্পন্ন হয়েছে। মঞ্চ প্রস্তুত, সমাবেশস্থলে পর্যাপ্ত মাইক লাগানো হয়েছে। আমরা প্রত্যাশা করছি, এই সমাবেশে স্মরণকালের মানুষের সমাগম ঘটবে।”
জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে এই সমাবেশে ঢাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জসহ আশপাশের জেলাগুলোর শিল্প-কলকারখানা থেকে শ্রমিকরা অংশ নিচ্ছেন।
সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশাল মঞ্চ ও লাল কার্পেট বিছানো হয়েছে। উত্তরমুখী এই মঞ্চের দুই দিকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি রাখা হয়েছে। ফকিরাপুল, পল্টন ও কাকরাইলসহ আশপাশের এলাকায় দেড় শতাধিক মাইক লাগানো হয়েছে। এছাড়া কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় কঠোর অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সকালে নয়াপল্টনের সড়কে বৃষ্টির কারণে পানি জমে থাকলেও দুপুরের মধ্যে তা নেমে যায়। তবে সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাস, ট্রাক, পিকআপ ও ভ্যান রাজধানীর বিভিন্ন সড়কে সারি করে রাখার কারণে ইতোমধ্যে যানজটের সৃষ্টি হয়েছে, যা সমাবেশ শুরু হওয়ার পর আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
















