হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহে আরও ২ শিশুর মৃত্যু
- আপডেট সময় ০৩:০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / 9
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মোট ২২ শিশুর মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ২৪ জন শিশু ভর্তি হয়েছে।
আজ শুক্রবার (১ মে) সকালে মমেকের হাম মেডিকেল দলের ফোকালপারসন ও সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।
মৃতদের মধ্যে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ১০ মাসের একটি শিশু রয়েছে। গত ২৫ এপ্রিল রাতে তাকে ভর্তি করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরে আক্রান্ত হয়ে মারা যায়। অপর শিশুটি জামালপুরের ইসলামপুরের বাসিন্দা, যার বয়স ৫ মাস। বৃহস্পতিবার ভোর ৫টায় তাকে ভর্তি করা হলে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে ১ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৯৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ২৮ শিশু বাড়ি ফিরেছে এবং এ পর্যন্ত মোট ৯১১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৬৩ শিশু এবং ১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, গত ফেব্রুয়ারি থেকে হাসপাতালে রোগী আসতে শুরু করলেও মার্চের মাঝামাঝি সময় থেকে ভর্তির সংখ্যা ব্যাপকভাবে বাড়তে থাকে। রোগীদের সার্বিক চিকিৎসায় হাসপাতালের নতুন ভবনের ৮তলায় তিনটি মেডিকেল টিমের মাধ্যমে হাম আইসোলেশন ওয়ার্ডের কার্যক্রম পরিচালিত হচ্ছে।














