ইসরায়েলি সেনাদের আত্মহত্যা বেড়েছে, ৭ মাসে ২৫ জনের মৃত্যু
- আপডেট সময় ১২:৫৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 31
ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার ঘটনা বাড়ছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হারেৎজ। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত সাত মাসে ২৫ জন ইসরায়েলি সেনাসদস্য আত্মহত্যা করেছেন।
হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, আত্মহত্যা করা ২৫ জনের মধ্যে ১৬ জন কর্মরত সেনা এবং ৯ জন সদ্য অবসরপ্রাপ্ত। অবসরপ্রাপ্ত ৯ সেনার সবাই গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে অংশ নিয়েছিলেন।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল সেভেনের প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট ও সেপ্টেম্বর মাসে অন্তত তিনজন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। সর্বশেষ ঘটনাটি ঘটে ১৪ সেপ্টেম্বর। ওই দিন মধ্য ইসরায়েলের একটি বাড়ি থেকে এক সেনার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্ত করছে সামরিক পুলিশ।
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির সেনাদের মধ্যে মানসিক সমস্যাও বেড়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মানসিক সমস্যার কারণে চিকিৎসা নেওয়া সেনার সংখ্যা ছিল প্রায় ১১ হাজার। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এই সংখ্যা বেড়ে ৩১ হাজারে পৌঁছায়।
মন্ত্রণালয়ের আশঙ্কা, বর্তমানে ইসরায়েলের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর প্রায় ৩৮ শতাংশ সদস্য কোনো না কোনো ধরনের মানসিক সমস্যায় ভুগছেন।
খবর: আনাদোলু এজেন্সির





















