আগুনের ঝুঁকিতে বিএমডব্লিউর ১৪ মডেলের গাড়ি
- আপডেট সময় ০৭:৩৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 19
যুক্তরাষ্ট্রে অগ্নিকাণ্ডের ঝুঁকির কারণে বিএমডব্লিউর (BMW) ১৪টি মডেলের গাড়ির মালিকদের সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গাড়ির ইঞ্জিন বন্ধ থাকলেও আগুন লাগার আশঙ্কা থাকায় এসব গাড়ি ভবন ও অন্যান্য যানবাহন থেকে নিরাপদ দূরত্বে পার্ক করার পরামর্শ দেওয়া হয়েছে।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ির পানির পাম্পের বৈদ্যুতিক সংযোগস্থলে ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হয়েছে। ওই সংযোগস্থলে পানি প্রবেশ করলে শর্ট সার্কিট হতে পারে। এর ফলে গাড়িতে আগুন লাগার আশঙ্কা রয়েছে।
২০১২ থেকে ২০১৮ সালের মধ্যে তৈরি বিএমডব্লিউর ১৪টি মডেলের গাড়িতে এ ত্রুটি শনাক্ত করা হয়েছে। এ সমস্যার কারণে ২০২৪ সালেই সংশ্লিষ্ট গাড়িগুলো প্রত্যাহার করেছিল প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসড়ক নিরাপত্তা প্রশাসন (এনএইচটিএসএ) জানিয়েছে, এ ত্রুটির সঙ্গে সংশ্লিষ্ট ১০টি সম্ভাব্য ঘটনার তথ্য তাদের কাছে রয়েছে। তবে এখন পর্যন্ত এসব ঘটনার কারণে কোনো দুর্ঘটনা কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
বিএমডব্লিউ জানিয়েছে, ত্রুটিটি স্থায়ীভাবে সমাধানের উপায় খুঁজে বের করতে কাজ চলছে। মেরামতের কার্যকর ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট গাড়িগুলো ভবন ও অন্যান্য যানবাহন থেকে দূরে পার্ক করার পরামর্শ দেওয়া হয়েছে।





















