হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ: আইনমন্ত্রী
- আপডেট সময় ০৩:০১:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 24
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। এখন তাকে ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারতের বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, “আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি। এখন তারা (ভারত) কী করবে, সেটা তাদের বিষয়।”
তিনি আরও বলেন, চুক্তির আওতায় শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টিও একটি আইনি প্রক্রিয়া। এ ধরনের মামলায় আপিল করার কোনো আইনি সুযোগ নেই। কারণ, সংশ্লিষ্ট বিশেষ আইনে আপিলের সুযোগ রাখা হয়নি।
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের সুযোগ না থাকার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে আইনমন্ত্রী বলেন, এ-সংক্রান্ত আইন শেখ মুজিবুর রহমানই করে গেছেন।
তিনি বলেন, “আমাদের একটা সংবিধান রয়েছে। সেই সংবিধানে ১৯৭৩ সালে উনার (শেখ হাসিনা) বাবা যে আইন সংশোধনী এনে গেছেন, ৪৭-এর ৩ অনুচ্ছেদে বলা আছে—মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না। এটা ওনাদের করা।”
আইনমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ ধরনের মামলায় আপিলের নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলে তা মওকুফের (কনডোনেশন) কোনো আইনি সুযোগ নেই। বিশেষ আইনেই এ ধরনের সুযোগ রাখা হয়নি। শেখ হাসিনার সরকারই এ আইন প্রণয়ন করেছে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জেলায় জেলায় তদন্ত কার্যক্রম শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এ কাজে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
তবে আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে স্পষ্ট করেছেন তিনি।

























