বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ
- আপডেট সময় ০৫:৪৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 33
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০ : দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম সংস্করণ প্রকাশিত হয়েছে। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত এ তালিকায় এবার যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের পাঁচ নেতা।
তারা হলেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
ইসলামবিষয়ক সংবাদমাধ্যম ইসলামঅনওয়েবের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও তুরস্কের মধ্যে আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা এবং দেশগুলোর ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্কের প্রেক্ষাপটে পাঁচ নেতাকে যৌথভাবে শীর্ষস্থান দেওয়া হয়েছে।
২০২৭ সালের সংস্করণে গাজার চিকিৎসক ডা. হুসাম আবু সাফিয়াকে ‘ম্যান অব দ্য ইয়ার’ এবং ইরানের মিনাব শহরের স্কুলশিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদিকে ‘ওম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের দুই নারী মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও রাজিয়া সুলতানা।
তালিকাটির ইতিহাসে এবারই প্রথম রাষ্ট্র ও সামরিক বাহিনীর পাঁচ নেতাকে যৌথভাবে প্রথম স্থানে রাখা হয়েছে। এ কারণে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থান বাদ দিয়ে সরাসরি চতুর্থ স্থান থেকে পরবর্তী ক্রম নির্ধারণ করা হয়েছে।
তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। ২০২৬ সালের মার্চে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তিনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন।
পঞ্চম স্থানে রয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল-হুসাইন। তিনি জেরুজালেমের পবিত্র মুসলিম ও খ্রিস্টান স্থাপনাগুলোর জিম্মাদার হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এরপর ষষ্ঠ স্থানে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। আগের ২০২৬ সালের সংস্করণে তিনি তালিকার প্রথম স্থানে ছিলেন।
সপ্তম স্থানে জায়গা পেয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি। অষ্টম স্থানে রয়েছেন ইয়েমেনের তারিমে অবস্থিত প্রখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান দার আল-মুস্তফার প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আল-হাবিব ওমর বিন হাফিজ।
নবম স্থানে রয়েছেন মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ও আল-আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম ড. আহমদ মুহাম্মদ আল-তাইয়্যেব। দশম স্থানে রয়েছেন সুন্নি মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় ব্যক্তিত্ব শেখ আবদুল্লাহ বিন বাইয়্যাহ।
তালিকার উল্লেখযোগ্য অন্য ব্যক্তিদের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রয়েছেন ১৩তম স্থানে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর অবস্থান ১৬তম। এ ছাড়া নাহদলাতুল উলামার চেয়ারম্যান ইয়াহিয়া চোলিল স্তাকুফ ২১তম এবং ইন্দোনেশিয়ার ইসলামি পণ্ডিত হাবিব লুতফি বিন ইয়াহিয়া ৩১তম স্থানে রয়েছেন।
প্রকাশকদের তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের সক্ষমতার ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। এতে সামাজিক সূচক, জনমত, বিশেষজ্ঞদের পর্যালোচনা এবং ব্যক্তিদের সামগ্রিক জীবনের অবদান বিবেচনায় নেওয়া হয়েছে।
তবে তালিকা প্রকাশকদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, এতে কারও নাম অন্তর্ভুক্ত হওয়ার অর্থ তাঁর মতামত বা কর্মকাণ্ডের প্রতি সমর্থন কিংবা অনুমোদন নয়। বরং মুসলিম বিশ্বে সংশ্লিষ্ট ব্যক্তির প্রভাবের মাত্রা তুলে ধরাই এ তালিকার উদ্দেশ্য।





















