মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- আপডেট সময় ০৯:০৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 17
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলা ও অবরোধের পরিকল্পনার মধ্যে পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করলে তা ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান আলি আবদুল্লাহি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যেকোনো হামলার জবাব দিতে তেহরান প্রস্তুত।
শনিবার (২৪ অক্টোবর) ইরানের সামরিক অবস্থান তুলে ধরে আলি আবদুল্লাহি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে কঠোর বক্তব্য দেন। তিনি বলেন, পারস্য উপসাগরে আবার মার্কিন সেনা পাঠানোর স্বপ্ন ট্রাম্পকে কবরে নিয়ে যেতে হবে।
ইরানের সশস্ত্র বাহিনীর এই প্রধানের দাবি, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক শক্তি ধ্বংস করার কথা বললেও দেশটির যুদ্ধজাহাজগুলো ইরানের সীমান্তের কাছে পাঠাতে ভয় পাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, পারস্য উপসাগরে কোনো মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি পেলে সেটিকে ডুবিয়ে দেওয়া হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলা অথবা কঠোর অবরোধ আরোপের বিষয়টি বিবেচনা করছেন। এ পরিস্থিতিতে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলা ও চাপ বন্ধ না হলে তারা আলোচনায় বসবে না। একই সঙ্গে হরমুজ প্রণালিও উন্মুক্ত করবে না বলে অবস্থান জানিয়েছে দেশটি।
ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারেও। সংঘাতের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১১৭ ডলারে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে ধারাবাহিক হামলার ঘটনাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এদিকে ইয়েমেনের হুথি যোদ্ধাদের সঙ্গে সৌদি আরবের সংঘাতও নতুন করে বেড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
সংঘাত প্রশমনের লক্ষ্যে তুরস্কের ইস্তাম্বুলে তুরস্ক, পাকিস্তান ও ইউরোপের কয়েকটি দেশের প্রতিনিধিরা বৈঠক করেছেন। তবে ওই বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন না। তুরস্ক সতর্ক করেছে, ইরানে নতুন করে হামলা হলে তা পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে দিতে পারে।
সূত্র: আল-জাজিরা

























