জ্বালানি সংকট নিয়ে নাগরিকদের সতর্ক করল ইরান
- আপডেট সময় ০৫:১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 26
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় জ্বালানি খাতের উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ায় আসন্ন শীত মৌসুমে ইরানের উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহে সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে দেশটির সরকার। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট প্রদেশগুলোর গভর্নরদের সতর্ক করার পাশাপাশি আবাসিক গ্রাহকদের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরিনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন দেশটির সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি।
তিনি বলেন, জ্বালানি খাতে হামলার কারণে ইরানের প্রায় ২৩ কোটি ঘনমিটার উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় ১০ কোটি ঘনমিটার উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে বর্তমানে কাজ চলছে।
মোহাজেরানি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জ্বালানি সরবরাহের ঘাটতি মোকাবিলা করে আসছে। জনগণের সহযোগিতায় গত কয়েকটি শীত ও গ্রীষ্ম মৌসুম কোনোভাবে সামাল দেওয়া সম্ভব হয়েছে।
তবে সাম্প্রতিক মার্কিন-ইসরাইলি হামলার কারণে জ্বালানি সরবরাহ পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে বলে জানান তিনি।
ইরানের এই সরকারি মুখপাত্র বলেন, আগের বছরগুলোর পরিস্থিতি বিবেচনায় এবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে জ্বালানি নিয়ে সমস্যার আশঙ্কা রয়েছে। এ কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে সংশ্লিষ্ট গভর্নরদের সতর্ক করেছে।
তিনি জানান, মানুষের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে সুপ্রিম এনার্জি কাউন্সিলের মাধ্যমে শিল্পকারখানার কার্যক্রম সচল রাখার পাশাপাশি আবাসিক গ্রাহকদের জ্বালানি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করবে সরকার।
মোহাজেরানি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে আসন্ন শীত মৌসুমে ইরান যতটা সম্ভব কম বিদ্যুৎ বিভ্রাট ও অন্যান্য জ্বালানি-সংক্রান্ত সমস্যা নিয়ে পার করতে পারবে।
























