আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা: আরও পাঁচবার আসতে হলেও আসব
- আপডেট সময় ০৪:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 26
প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়িয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি জামিন বর্ধিত করার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর আবেদন মঞ্জুর করেন।
২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। তাঁর আইনজীবী নিহার হোসেন ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
শুনানি শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তানজিন তিশা। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তারকারা নিয়মিত বিভিন্ন মুহূর্ত ও উপহার পাওয়া সামগ্রী নিয়ে পোস্ট করেন। ভক্ত ও সহকর্মীদের ভালোবাসা থেকেই অনেক সময় এসব উপহার গ্রহণ করা হয়। এমনই একটি উপহার ঘিরে তিনি মামলায় জড়িয়েছেন বলে জানান অভিনেত্রী।
তিশার ভাষ্য, পরিচিত এক বড় বোনের মাধ্যমে তিনি শাড়িটি উপহার হিসেবে গ্রহণ করেছিলেন। তাঁদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। ওই নারী শাড়িটি গ্রহণের পাশাপাশি ছবি দেওয়ার অনুরোধ করেছিলেন। তিশাও পরে ছবি দেওয়ার কথা জানিয়েছিলেন।
তবে সে সময় ‘সোলজার’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকায় ছবি দিতে পারেননি বলে জানান তিনি। এমনকি ছবির জন্য ব্লাউজও তৈরি করে রেখেছিলেন। এর মধ্যেই তাঁর বিরুদ্ধে শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে সংবাদ প্রকাশিত হয় বলে দাবি করেন তিশা।
অভিনেত্রী বলেন, প্রতারণার অভিযোগ আনার আগে বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে কথা বলা যেত। তবে এখন ঘটনার পেছনে কে বা কারা রয়েছেন, তা নিয়ে তিনি আগ্রহী নন। তাঁর প্রত্যাশা, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তিনি ন্যায়বিচার পাবেন।
তিশা আরও বলেন, ‘আরও পাঁচবারও যদি আসতে হয়, আমি আসব। আমি এখান থেকে ন্যায়বিচার নিয়েই বের হব। এখানে কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে, সেটা আমি সাপোর্ট করব না। দিন শেষে আমরা এ দেশের নাগরিক, আমরা ন্যায়বিচার চাই।’
এ সময় তিনি আইনের প্রতি নিজের আস্থা ও সম্মানের কথাও জানান। পরে আদালত প্রাঙ্গণ থেকে চলে যান এই অভিনেত্রী।
























