উত্তর প্রদেশ শিগগিরই চার ভাগ হচ্ছে: মন্ত্রী রাজভর
- আপডেট সময় ০৬:৩১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 9
ভারতের উত্তর প্রদেশ রাজ্যকে শিগগিরই চারটি নতুন রাজ্যে ভাগ করা হবে বলে দাবি করেছেন রাজ্যটির মন্ত্রী ও সোহেলদেব ভারতীয় সমাজ পার্টির প্রধান ওম প্রকাশ রাজভর।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আম্বেদকরনগরে এক জনসভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এ বিষয়ে তার কথা হয়েছে। জাতি শুমারি শেষ হওয়ার পর উত্তর প্রদেশ ভাগের প্রক্রিয়া শুরু হবে বলে প্রধানমন্ত্রী তাকে আশ্বাস দিয়েছেন বলে দাবি করেন তিনি।
রাজভরের দাবি অনুযায়ী, উত্তর প্রদেশ ভাগ করে পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল, বুন্দেলখণ্ড ও হারীত প্রদেশ নামে চারটি নতুন রাজ্য গঠন করা হবে।
তিনি বলেন, নতুন পূর্বাঞ্চল রাজ্য গঠিত হলে সেখানকার প্রথম মুখ্যমন্ত্রী রাজভর সম্প্রদায়ের কেউ হবেন। তার মতে, পূর্বাঞ্চলে রাজভর জনগোষ্ঠীর মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। ফলে ওই রাজ্যের নেতৃত্বের শীর্ষ পর্যায়ে এই সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকা উচিত।
২০২৭ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে রাজভরের এই মন্তব্যের মধ্য দিয়ে রাজ্য ভাগের পুরোনো আলোচনা আবারও সামনে এসেছে। প্রশাসনিক সুবিধার কথা তুলে ধরে দীর্ঘদিন ধরেই বিশাল আয়তনের উত্তর প্রদেশকে একাধিক রাজ্যে ভাগ করার দাবি রয়েছে।
২০১১ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মায়াবতীর সরকার উত্তর প্রদেশকে চার ভাগে ভাগ করার একটি প্রস্তাব বিধানসভায় পাস করেছিল। তবে সেই প্রস্তাবে কেন্দ্রীয় সরকারের অনুমোদন মেলেনি।
জনসভায় ওবিসি বা অনগ্রসর শ্রেণির জন্য নির্ধারিত ২৭ শতাংশ কোটার সুবিধা যাতে সবাই সমানভাবে পায়, সেই বিষয়েও গুরুত্ব দেন রাজভর।
জাতি শুমারি শেষ হওয়ার পর অনগ্রসর শ্রেণির সব মানুষের জন্য ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।






















