মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১৫ জন উদ্ধার
- আপডেট সময় ০৯:১৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 41
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে জড়ো করে রাখা নারী-পুরুষসহ ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন রোহিঙ্গা এবং ১৩ জন বাংলাদেশি নাগরিক।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল কচ্ছপিয়া এলাকায় অভিযান চালায়। সেখানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে নারী-পুরুষদের জড়ো করে রাখার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে ১৫ জনকে উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে চকরিয়া ও নরসিংদীর বাসিন্দা রয়েছেন।
পুলিশের দাবি, একটি মানব পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে টেকনাফের দুর্গম উপকূলীয় এলাকা ব্যবহার করে সাগরপথে মালয়েশিয়ায় লোক পাঠানোর চেষ্টা করে আসছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে চক্রের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের জন্য জড়ো করা ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া ব্যক্তিদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।





















