এপস্টিন মামলার বাদীর পরিচয় এবার প্রকাশ্যে এলো
- আপডেট সময় ০১:১৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 19
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে ঘিরে ব্যাংক অব আমেরিকার বিরুদ্ধে করা ৭ কোটি ২৫ লাখ ডলারের মামলায় ‘জেন ডো’ নামে পরিচিত বাদীর পরিচয় প্রকাশ্যে এসেছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক অনুসন্ধানী প্রতিবেদনে জানা গেছে, তিনি ৩৭ বছর বয়সি রুশ নাগরিক জুলিয়া মলচানোভা।
মলচানোভার দাবি, ২০১১ সালে ২২ বছর বয়সে নিউইয়র্কে এপস্টেইনের সঙ্গে তার পরিচয় হয়। তখন তিনি খুব সামান্য ইংরেজি জানতেন। ফ্যাশন ইনস্টিটিউট অব টেকনোলজিতে ভর্তি হতে সহায়তার প্রস্তাব দেওয়ার পরই এপস্টেইন তাকে নিজের নিয়ন্ত্রণে নেন বলে অভিযোগ করেন তিনি।
তার অভিযোগ, এপস্টেইন তার পোশাক, চুল, চিকিৎসা, অর্থ ব্যয় ও ব্যক্তিগত সম্পর্কসহ নানা বিষয় নিয়ন্ত্রণ করতেন। এমনকি তার অজান্তে তার নামে একটি কোম্পানি খোলা হয়েছিল বলেও দাবি করেছেন মলচানোভা।
পরে তিনি এপস্টেইনের যৌন পাচার কার্যক্রমে ব্যাংক অব আমেরিকার ভূমিকার অভিযোগে করা শ্রেণি-অ্যাকশন মামলার প্রধান বাদী হন। ব্যাংকটি কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করলেও মামলা নিষ্পত্তিতে ৭ কোটি ২৫ লাখ ডলার দিতে সম্মত হয়েছে। এই অর্থ এপস্টেইনের নির্যাতনের শিকার কয়েক ডজন ব্যক্তির মধ্যে বিতরণ করা হবে।
মলচানোভার মতে, এপস্টেইনকে দীর্ঘদিন আইনের আওতার বাইরে থাকতে দেওয়ায় পুরো ব্যবস্থার ব্যর্থতা ছিল। তার ভাষায়, ‘লোকটির জেলে থাকার কথা ছিল। আমাদের ব্যর্থ করেছে পুরো ব্যবস্থাই।’
মলচানোভার এই ঘটনা এপস্টেইন কাণ্ডের সঙ্গে জড়িত ভুক্তভোগীদের দীর্ঘদিনের দুর্ভোগ ও প্রতিষ্ঠানগুলোর জবাবদিহির প্রশ্নকে নতুন করে সামনে এনেছে।






















