আসাদ আমলের পরমাণু স্থাপনা প্রায় হয়ে গিয়েছিল: গ্রোসি
- আপডেট সময় ১১:০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 36
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে নির্মাণাধীন একটি অঘোষিত পরমাণু চুল্লি প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, চুল্লিটির প্রযুক্তিগত বৈশিষ্ট্য এমন ছিল, যা ফিশাইল উপাদান উৎপাদনে কার্যকর এবং সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব।
সোমবার ভিয়েনায় আইএইএর ত্রৈমাসিক গভর্নরস বোর্ডের বৈঠকের উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গ্রোসি। তিনি বলেন, আগের সিরীয় সরকার বেশ কয়েকটি গোপন কর্মকাণ্ড পরিচালনা করছিল এবং এসব কার্যক্রম আন্তর্জাতিকভাবে ঘোষণা করা হয়নি।
গ্রোসি বলেন, এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে তিনি কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। তবে তার ভাষায়, কার্যক্রমগুলো গোপন রাখা হয়েছিল এবং সংশ্লিষ্টরা চায়নি বিশ্ব জানতে পারুক তারা কী করছিল।
আইএইএর পরিদর্শকরা গত মাসে সিরিয়ার দুটি স্থাপনা পরিদর্শন করেন। এর একটি ছিল দেইর এজ-জোরে। অন্য স্থাপনাটি ছিল একটি অজ্ঞাত স্থানে, যা সিরীয় কর্তৃপক্ষ আইএইএর কাছে চিহ্নিত করেছিল।
গত সপ্তাহে এএফপির দেখা আইএইএর একটি প্রতিবেদনে বলা হয়, সংস্থাটির পরিদর্শকরা দেখতে পেয়েছেন যে সিরিয়ার আগের সরকার একটি পারমাণবিক চুল্লি নির্মাণ করছিল।
গ্রোসি বলেন, চুল্লিটির কাঠামো ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে দেখা যায়, এটি এমন ধরনের চুল্লি যা ফিশাইল উপাদান উৎপাদনে অত্যন্ত কার্যকর। এ ধরনের উপাদান সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যেতে পারে।
আইএইএ প্রধান আরও বলেন, ওই চুল্লি নির্মাণের উদ্যোগ নিজেই ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বর্তমানে স্থাপনাটিতে খননকাজ চলছে এবং তার ভাষ্য অনুযায়ী, চুল্লিটির নির্মাণকাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল।
দীর্ঘদিন সিরিয়া শাসন করা বাশার আল-আসাদকে ২০২৪ সালের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত করা হয়। এর পর দেশটিতে বর্তমান সরকার ক্ষমতায় আসে। আসাদ সরকারের আমলে পরিচালিত অঘোষিত পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে আইএইএর সাম্প্রতিক অনুসন্ধানে নতুন এসব তথ্য উঠে এসেছে।
























