বহুতল ভবন থেকে সন্তানকে ফেলে মায়ের আত্মহনন
- আপডেট সময় ১২:৩২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / 78
সংযুক্ত আরব আমিরাতের শারজাহর আল-নাদহা এলাকায় একটি বহুতল আবাসিক ভবনের ওপর থেকে পড়ে এক প্রবাসী নারী ও তাঁর পাঁচ বছর বয়সী কন্যাসন্তানের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) দেশটির সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। গত বুধবার (২০ মে) সকাল সোয়া ৭টার দিকে ওই ভবনের নিচ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ভবনের কর্মীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ বছর বয়সী ওই নারী ভবনের ১৫তম তলার বারান্দা থেকে প্রথমে তাঁর কন্যাসন্তানকে নিচে ফেলে দেন এবং পরবর্তীতে তিনি নিজেও সেখান থেকে নিচে পড়ে যান।
৩২ তলা বিশিষ্ট ওই ভবনটির একজন নিরাপত্তাকর্মী জানান, সকালের দিকে তাঁরা হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পান। শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁরা সড়ক ও ফুটপাথের ওপর যথাক্রমে শিশু ও নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন।
ঘটনার পরপরই নিরাপত্তাকর্মীরা স্থানীয় পুলিশ ও অ্যাম্বুলেন্সকে খবর দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত পুরো ভবনটি অবরুদ্ধ করে প্রাথমিক তদন্ত ও আলামত সংগ্রহের কাজ সম্পন্ন করেন।
অনুসন্ধানে জানা গেছে, ওই নারীর স্বামী দুবাইয়ের একটি সংস্থায় কর্মরত রয়েছেন। ঘটনার আগের দিন মঙ্গলবার ওই দম্পতির মধ্যে পারিবারিক কলহের জেরে ঝগড়া হয় এবং একপর্যায়ে সেখানে পুলিশও উপস্থিত হয়েছিল।
সে সময় ওই নারীর স্বামী ভবনের নিরাপত্তাকর্মীদের কাছে দাবি করেছিলেন যে, তাঁর স্ত্রী মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। এই অনাকাঙ্ক্ষিত ও স্পর্শকাতর ঘটনার পর প্রকৃত কারণ উদঘাটনের জন্য নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে পুলিশ নিজেদের জিম্মায় নিয়েছে এবং ঘটনার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।























