সন্তান নিয়ে প্রকাশ্যে লেডি গাগা, প্রথমবার মা হওয়ার খবর
- আপডেট সময় ১০:৫৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 25
প্রথমবারের মতো মা হয়েছেন মার্কিন পপ তারকা লেডি গাগা। সন্তান জন্মের বিষয়টি তিনি বা তার বাগদত্তা মাইকেল পোলানস্কি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। তবে উত্তর ক্যালিফোর্নিয়ায় সন্তানকে সঙ্গে নিয়ে এই জুটিকে প্রকাশ্যে দেখা গেছে।
‘পেজ সিক্স’-এর প্রতিবেদনে বলা হয়েছে, লেডি গাগা ও মাইকেল পোলানস্কি এখন সন্তানের অভিভাবক। তবে ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে চেয়েছেন এই জুটি। সে কারণে সন্তানের জন্মের বিষয়টিও তারা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি।
সন্তানের নাম, লিঙ্গ কিংবা জন্মতারিখ—কোনোটিই এখন পর্যন্ত প্রকাশ করেননি গাগা বা পোলানস্কি। তবে সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় হাঁটতে বের হলে তাদের সঙ্গে সন্তানকেও দেখা যায়।
প্রতিবেদন অনুযায়ী, ওই সময় গাগার বুকে জড়িয়ে ছিল সন্তান। প্রকাশ্যে সন্তানের সঙ্গে এটাই এই জুটির প্রথম উপস্থিতি বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই মুহূর্তটি ভক্ত ও অনুরাগীদের নজর কেড়েছে।
লেডি গাগা ও মাইকেল পোলানস্কির সম্পর্কের শুরু ২০১৯ সালের দিকে। পরের বছর তাদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসে। ২০২৪ সালে পোলানস্কি গাগাকে বিয়ের প্রস্তাব দেন। এবার সন্তান আগমনের মধ্য দিয়ে তাদের সম্পর্কে নতুন অধ্যায় শুরু হলো।
এর আগে প্রেমিক ক্রিশ্চিয়ান ক্যারিনোর সঙ্গে বাগদান হয়েছিল গাগার। তবে ২০১৯ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। পরে মাইকেল পোলানস্কির সঙ্গে সম্পর্কে জড়ান তিনি।
মাতৃত্বের বিষয়ে লেডি গাগা এর আগেও একাধিকবার নিজের আগ্রহের কথা জানিয়েছিলেন। এবার সন্তান নিয়ে প্রকাশ্যে আসার মধ্য দিয়ে সেই ইচ্ছা পূরণের খবর সামনে এসেছে।






















