পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড
- আপডেট সময় ১০:৩৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / 84
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) তুলসী গ্যাবার্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার, ২২ মে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা এক চিঠিতে তিনি এ তথ্য জানান। আগামী ৩০ জুন থেকে তার পদত্যাগ কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
পদত্যাগপত্রে তুলসী গ্যাবার্ড ব্যক্তিগত ও পারিবারিক কারণের কথা উল্লেখ করেছেন। তিনি জানান, তার স্বামী বিরল ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকতেই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
চিঠিতে গ্যাবার্ড লেখেন, তার স্বামী আব্রাহাম দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনে সবসময় তাকে সমর্থন দিয়েছেন। সামরিক অভিযান কিংবা রাজনৈতিক প্রচারণা—সবক্ষেত্রেই স্বামীর সহায়তা তাকে শক্তি জুগিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তবে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স-সহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ ও গোয়েন্দা তথ্য নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসনের সঙ্গে দীর্ঘদিন ধরে তার মতবিরোধ চলছিল।
প্রতিবেদনগুলোতে আরও দাবি করা হয়েছে, হোয়াইট হাউসের অভ্যন্তরীণ চাপের মুখে গ্যাবার্ডকে পদত্যাগে বাধ্য করা হয়ে থাকতে পারে। যদিও এ বিষয়ে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসনে তুলসী গ্যাবার্ড চতুর্থ ক্যাবিনেট পদমর্যাদার কর্মকর্তা, যিনি পদত্যাগ করলেন। সাবেক এই মার্কিন সেনা কর্মকর্তা ডেমোক্রেটিক পার্টি ছেড়ে পরে ট্রাম্পের রাজনৈতিক শিবিরে যোগ দেন।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সম্পৃক্ততার বিরোধিতা করে আসছিলেন গ্যাবার্ড। বিশেষ করে ইরান ইস্যুতে প্রশাসনের কঠোর অবস্থানের সঙ্গে তার মতপার্থক্য ছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।























