দুই গ্রামের সংঘর্ষে আহত ১০
- আপডেট সময় ০৪:৪৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 28
শেরপুরে কাঁচাবাজারের ইজারার টাকা আদায় ও বাজার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) সকালে সদর উপজেলার ব্যাঙের মোড় এলাকায় ডাকপাড়া ও সাতপাকিয়া গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় কাঁচাবাজারের ইজারার টাকা আদায় এবং বাজার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শনিবার সকালে দুই গ্রামের লোকজন মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালান।
সংঘর্ষের কারণে শেরপুর-জামালপুর সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

























